| শিরোনাম: |
|
বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
জেলা প্রতিনিধি বগুড়া:
|
![]() বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে বারো দশমিক পাঁচ গ্রাম হেরোইন, পাঁচশ’ গ্রাম গাঁজা ও পঞ্চান্ন পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা তথ্যটি নিশ্চিত করে বলেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথমদিনেই পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীসহ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক শুক্রবার বিকালে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিডি ক্যাম্পাস/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ |